প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2025 ইং
আশুলিয়ায় নকল ওষুধের কারখানায় র্যাবের অভিযান

আশুলিয়া (সাভার) সংবাদদাতা: আশুলিয়ায় নকল ওষুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে কারখানার একজন কর্মচারীকে আটক করা হয় এবং ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে র্যাব-৪ এর একটি দল আশুলিয়ার বাইপাইল এলাকার মোতালেব ভিলায় এই অভিযান পরিচালনা করে। জানা গেছে, ভবনের তিনটি ফ্লোর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে সেখানে যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন নকল ওষুধ তৈরি করা হচ্ছিল।
র্যাব জানায়, অভিযানের সময় বিপুল পরিমাণ নকল ওষুধ, কাঁচামাল, প্যাকেটিং সামগ্রী এবং বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করা মোড়ক উদ্ধার করা হয়। তবে কারখানার প্রকৃত মালিক, যশোর জেলার বাসিন্দা হারুন অর রশিদ অভিযান শুরু হওয়ার আগেই পালিয়ে যায়।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক জানান, কারখানায় উৎপাদিত ওষুধগুলো অনুমোদনহীন এবং মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। নকল ওষুধ উৎপাদন ও বাজারজাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
মুক্তিসরণি/এমএস
© মুক্তিসরণি