প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2025 ইং
সিদ্ধিরগঞ্জে নকল সিগারেট কারখানায় র্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় ট্যাক্স ফাঁকি দিয়ে নকল ট্যাক্স লেভেলযুক্ত সিগারেট উৎপাদন ও বিক্রির অভিযোগে রয়েল টোবাকো কোম্পানির মালিক মো. মহারাজ হোসেন (৫২) কে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
র্যাব-১১, জেলা প্রশাসন ও নরসিংদী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ যৌথভাবে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে ওই প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক মো. মহারাজ হোসেনকে দুই লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে র্যাব-১১ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আল মাসুদ খান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রয়েল টোবাকো কোম্পানি দীর্ঘদিন ধরে পুরনো ট্যাক্স লেভেল সংগ্রহ করে সেগুলো পুনরায় সিগারেটের প্যাকেটে লাগিয়ে বাজারজাত করছিল। এতে করে প্রতিষ্ঠানটি সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছিল এবং ভোক্তাদের প্রতারণার মাধ্যমে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছিল।
র্যাব জানায়, অভিযানে বিপুল পরিমাণ নকল ট্যাক্স লেভেল ও সিগারেট জব্দ করা হয়েছে। ট্যাক্স ফাঁকি ও অবৈধ ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুক্তিসরণি/এমএস
© মুক্তিসরণি