
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় উত্তরাধিকার সূত্রে বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য স্থান পেয়েছেন।
পঞ্চগড়-১ আসনে সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের ছেলে মোহাম্মদ নওশাদ জমির প্রার্থী হয়েছেন। নাটোর-১ আসনে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল এবং কুষ্টিয়া-২ আসনে সাবেক এমপি আব্দুর রউফ চৌধুরীর ছেলে রাগীব রউফ চৌধুরী মনোনয়ন পেয়েছেন।
যশোর-৩ আসনে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত, আর ঢাকা-৪ আসনে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঢাকা-৬ আসনে রয়েছেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।
ফরিদপুর অঞ্চলে দুই মন্ত্রীর কন্যা—শামা ওবায়েদ (ফরিদপুর-২) ও চৌধুরী নায়াব ইউসুফ (ফরিদপুর-৩)—ধানের শীষ প্রতীকে লড়বেন। মৌলভীবাজার-৩ আসনে প্রার্থী হচ্ছেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমান।
চট্টগ্রাম অঞ্চলে মীর নাছির উদ্দিনের ছেলে মীর হেলাল উদ্দিন (চট্টগ্রাম-৫), সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের (চট্টগ্রাম-৭), এবং জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা (চট্টগ্রাম-১৪) প্রার্থী হয়েছেন।
এছাড়া গাজীপুর-৪ আসনে সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ’র ছেলে শাহ রিয়াজুল হান্নান রিয়াজ, মানিকগঞ্জ-২ আসনে শামসুল ইসলাম খানের ছেলে মঈনুল ইসলাম খান, ময়মনসিংহ-৯ এ আনওয়ারুল হোসেন চৌধুরীর ছেলে ইয়াসের খান চৌধুরী মনোনয়ন পেয়েছেন।
শেরপুরের তিনটি আসনেই দ্বিতীয় প্রজন্মের প্রার্থী—ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা (শেরপুর-১), ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী (শেরপুর-২) এবং মাহমুদুল হক রুবেল (শেরপুর-৩)।
ঝিনাইদহ-৩ এ সাবেক এমপি শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান, গাজীপুর-২ এ সাবেক মেয়র আব্দুল মান্নানের ছেলে মঞ্জুরুল করিম রনি এবং পিরোজপুর-২ এ নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে আহমেদ সোহেল মঞ্জুর সুমন প্রার্থী হয়েছেন।
মুক্তিসরণি/এমএস