প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 27, 2025 ইং
তিন মামলায় শেখ হাসিনার ২১ বছর কারাদণ্ড

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথক তিনটি মামলায় মোট ২১ বছর কারাদণ্ড দিয়েছেন ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালত।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন। এর আগে গত ২৩ নভেম্বর রায় ঘোষণার জন্য ২৭ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে শেখ হাসিনাসহ মামলার সব আসামি পলাতক থাকায় তাদের পক্ষে কোনো যুক্তিতর্ক উপস্থাপন বা আত্মপক্ষ সমর্থন সম্ভব হয়নি।
প্রথম মামলাটি গত ১৪ জানুয়ারি দায়ের করা হয়। শুরুতে আটজনকে আসামি করা হলেও তদন্ত শেষে চার্জশিটে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে। তাদের মধ্যে রয়েছেন পুরবী গোলদার, খুরশীদ আলম, নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, নায়েব আলী শরীফ, কাজী ওয়াছি উদ্দিন, শহিদ উল্লাহ খন্দকার ও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
দ্বিতীয় মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। এই মামলার অন্যান্য আসামিদের মধ্যে আছেন সাইফুল ইসলাম সরকার, পুরবী গোলদার, কাজী ওয়াছি উদ্দিন, শহিদ উল্লাহ খন্দকার, আনিছুর রহমান মিঞা, নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন, নুরুল ইসলাম, মোহাম্মদ সালাহ উদ্দিন ও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
তৃতীয় মামলায় অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে—জাল নথিপত্র তৈরি, অবৈধভাবে প্লট বরাদ্দ গ্রহণ এবং সরকারি সম্পত্তি আত্মসাৎ করার সুযোগ সৃষ্টি করা হয়েছিল। আসামিদের মধ্যে আরও রয়েছেন কবির আল আসাদ, তন্ময় দাস, নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন, হাফিজুর রহমান, হাবিবুর রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
মুক্তিসরণি/এমএস
© মুক্তিসরণি