প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 27, 2025 ইং
জকসু নির্বাচনে পূর্বনির্ধারিত তারিখ বহাল রাখার দাবি ছাত্র অধিকারের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের পূর্বনির্ধারিত তারিখ (২২ ডিসেম্বর ২০২৫) বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা দেওয়া লিখিত আবেদনে সংগঠনটি জানায়, সাম্প্রতিক ভূমিকম্পজনিত জরুরি পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকলেও নির্বাচন পিছিয়ে দেওয়ার উদ্যোগ উদ্বেগজনক। তাদের মতে, জকসু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ধাপ; তাই সময়সূচি পরিবর্তন শিক্ষার্থীদের প্রস্তুতি ও আগ্রহে নেতিবাচক প্রভাব ফেলবে।
লিখিত বিবৃতিতে সংগঠনটি আরো উল্লেখ করে, জরুরি পরিস্থিতি স্বাভাবিক হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নির্বাচনী পরিবেশও দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব। ফলে পূর্বনির্ধারিত তারিখ বদলানোর কোনো যৌক্তিকতা নেই বলেও তারা দাবি করে।
সংগঠনটি দুটি মূল দাবি তুলে ধরে—
১. জকসু নির্বাচনের তারিখ ২২ ডিসেম্বর ২০২৫ কোনো অবস্থাতেই পেছানো যাবে না।
২. বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন দ্রুত প্রস্তুতি নিয়ে নির্ধারিত তারিখেই ভোটগ্রহণ সম্পন্ন করবে।
ছাত্র অধিকার পরিষদ সতর্ক করে জানায়, নির্বাচন পেছানোর উদ্যোগ অব্যাহত থাকলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তারা গণতান্ত্রিকভাবে প্রতিবাদে নামতে বাধ্য হবে। সংগঠনটি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায়—নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজন করে শিক্ষার্থীদের আস্থা, অধিকার ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
মুক্তিসরণি/এমএস
© মুক্তিসরণি