প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 27, 2025 ইং
গবেষণা হতে হবে প্রয়োগযোগ্য: সমাজকল্যাণ সচিব

বিশ্ববিদ্যালয়ের গবেষণা যেন শুধু একাডেমিক জার্নালে সীমাবদ্ধ না থেকে সরকারী নীতি নির্ধারণ ও বাস্তব সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ইম্প্যাক্টফুল রিসার্চ, গ্লোবাল র্যাঙ্কিং ফর ইউনিভার্সিটি অ্যান্ড গভর্নমেন্ট পলিসি সাপোর্ট’ শীর্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, “গবেষণাকে শুধু গবেষণাপত্র প্রকাশে সীমাবদ্ধ না রেখে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকরী প্রভাব সৃষ্টি করতে হবে। সরকারের নীতি প্রণয়নেও বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা সরাসরি সহায়তা করতে পারে।” তিনি আরও বলেন, গবেষণাকে ল্যাবরেটরি পর্যায় থেকে বাজার ও প্রয়োগ পর্যায়ে নেওয়ার মাধ্যমে তা দেশের উন্নয়ন ও শিল্পায়নে কার্যকর ভূমিকা রাখতে পারবে।
তিনি গবেষণার ক্ষেত্রে বাণিজ্যিকীকরণের (কমার্শিয়ালাইজেশন) গুরুত্ব তুলে ধরে বলেন, “এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ের উৎস তৈরি হয়, পাশাপাশি সরকারি বিভিন্ন গবেষণা প্রকল্পে শিক্ষকদের যুক্ত হওয়ার সুযোগ বাড়ে। নোবিপ্রবি বর্তমানে গবেষণা খাতে ভালো করছে—এই ধারা ধরে রাখতে হবে।”
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও র্যাঙ্কিং উন্নত করতে দীর্ঘদিন ধরে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, “গবেষণাকে আরও ইম্প্যাক্টফুল করতে এবং প্রয়োজন হলে সরকারের সহযোগিতা পেতে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। সমস্যা ও সম্ভাবনাকে বিবেচনায় রেখে গবেষণা ও র্যাঙ্কিং—উভয় ক্ষেত্রেই আমাদের এগিয়ে যেতে হবে।”
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সমুদ্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল মোমিন সিদ্দিকী এবং ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহদ হুসাইন। প্রশিক্ষণের কোর্স ডিরেক্টর ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (কিউএ) অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং প্রভোস্টবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
মুক্তিসরণি/এমএস
© মুক্তিসরণি