প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 29, 2025 ইং
জলবায়ু সংকটের সমাধান খুঁজতে বাকৃবিতে গবেষকদের সমাবেশ

“জলবায়ু সহনশীলতা এবং টেকসই কৃষির জন্য প্ল্যান্ট সায়েন্স” প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ সোসাইটি অফ প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএসপিএসএটি)–এর চতুর্থ জাতীয় কনফারেন্স ২০২৫ আজ (২৯ নভেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
জলবায়ু পরিবর্তনজনিত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্ল্যান্ট সায়েন্স ও আধুনিক প্রযুক্তিভিত্তিক গবেষণার অগ্রগতি, উদ্ভাবন এবং জ্ঞান বিনিময়ই এই কনফারেন্সের প্রধান লক্ষ্য।
সম্মেলনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা এবং কৃষি গবেষণার গুরুত্ব তুলে ধরেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, “প্ল্যান্ট ধ্বংসের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বৈরী আবহাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি—সবই বৈশ্বিক উষ্ণতার প্রভাব। কৃষি নেতৃত্ব না দিলে পৃথিবীর টিকে থাকা সম্ভব নয়, তাই প্রয়োজন টেকসই পরিকল্পনা।” তিনি মাটি, পানি ও বায়ুদূষণ রোধ এবং অস্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।
বিএসপিএসএটির প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রফেসর ড. মো. সোলায়মান আলী ফকির বলেন, “সোসাইটির গ্রাজুয়েটরা তাদের গবেষণা ও জ্ঞান দিয়ে দেশ-বিদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
এবারের কনফারেন্সে দেশের ১১টি বিশ্ববিদ্যালয় ও ৫টি গবেষণা প্রতিষ্ঠানসহ মোট ২০টি প্রতিষ্ঠান থেকে প্রায় ২০০ শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশ নিচ্ছেন। ১০টি থিমেটিক বিষয়ে ১২৭টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে—এর মধ্যে ৬টি ওরাল সেশনে ৫৭টি এবং ৪টি পোস্টার সেশনে ৭০টি প্রবন্ধ।
সেমিনার ও কনফারেন্সে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রফেসর ড. মো. সোলায়মান আলী ফকির, প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আব্দুল বাসেত মিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও গবেষকরা। দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া প্রফেসর ড. আব্দুল বাসেত মিয়া গবেষকদের জন্য অর্থ বরাদ্দ ও প্রণোদনা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
২০২০ সালে প্রতিষ্ঠিত বিএসপিএসএটির লক্ষ্য প্ল্যান্ট সায়েন্সের বিভিন্ন শাখা—ফিজিওলজি, ইকোলজি, অ্যানাটমি, এমব্রায়োলজি ও অঙ্গসংস্থান—সংক্রান্ত গবেষণা ও শিক্ষার মান উন্নয়ন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সোসাইটি জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, কর্মশালা ও কনফারেন্স আয়োজন করে আসছে। সোসাইটিতে পাঁচ ধরনের সদস্যপদ রয়েছে: আজীবন, সাধারণ, ফেলো, সহযোগী ও ছাত্র সদস্য।
এর আগে করোনা মহামারির সময় ২০২১ সালে প্রথম আন্তর্জাতিক কনফারেন্স অনলাইনে, ২০২৩ সালে কক্সবাজারে দ্বিতীয়, এবং ২০২৪ সালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুরে তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়।
মুক্তিসরণি/এমএস
© মুক্তিসরণি