
কাজের মাঝখানে হঠাৎ ল্যাপটপ হ্যাং হয়ে যাওয়া কিংবা একটি সাধারণ সফটওয়্যার খুলতেও অতিরিক্ত সময় নেওয়া—এমন সমস্যায় পড়েন প্রায় সবাই। নতুন ল্যাপটপ কেনার কিছুদিন পরই অনেক সময় এর গতি কমে যেতে শুরু করে। ধীরে ধীরে ডিভাইসটি আগের মতো দ্রুত সাড়া দেয় না, ফলে অফিসের কাজ, পড়াশোনা, অনলাইন মিটিং কিংবা বিনোদন—সবকিছুতেই ভোগান্তি বাড়ে।
প্রযুক্তিবিদদের মতে, ল্যাপটপ স্লো হয়ে যাওয়ার পেছনে বেশ কিছু সাধারণ কারণ রয়েছে। অপ্রয়োজনীয় ফাইল জমে থাকা, অতিরিক্ত সফটওয়্যার ইনস্টল করা, স্টার্টআপে অনেক অ্যাপ চালু থাকা কিংবা পুরোনো হার্ডডিস্ক ব্যবহারের কারণে ডিভাইসের পারফরম্যান্স কমে যেতে পারে। তবে কিছু সহজ উপায় অনুসরণ করলে খুব সহজেই ল্যাপটপের গতি আগের তুলনায় অনেকটা বাড়ানো সম্ভব।
অনেক সফটওয়্যার ল্যাপটপ চালু হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়। এতে ডিভাইস চালু হতে বেশি সময় লাগে এবং ব্যাকগ্রাউন্ডে র্যামের ওপর অতিরিক্ত চাপ পড়ে। ফলে পুরো সিস্টেম ধীর হয়ে যায়।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় স্টার্টআপ অ্যাপ বন্ধ করে দিলে ল্যাপটপের গতি দ্রুত বাড়তে পারে। উইন্ডোজের টাস্ক ম্যানেজার থেকেই সহজে এই সেটিং পরিবর্তন করা যায়।
জমে থাকা ফাইল কমিয়ে দিন
দীর্ঘদিন ব্যবহারের ফলে ল্যাপটপে বিপুল পরিমাণ টেম্পোরারি ও জাঙ্ক ফাইল জমে যায়। এসব ফাইল স্টোরেজ দখল করে এবং সিস্টেমকে ধীর করে তোলে। তাই নিয়মিত রি-সাইকেল বিন খালি করা, ব্রাউজারের ক্যাশে পরিষ্কার করা এবং অপ্রয়োজনীয় ডাউনলোড ফাইল মুছে ফেলা প্রয়োজন। অনেকেই বছরের পর বছর এসব ফাইল পরিষ্কার করেন না, যা পরে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
SSD বদলে দিতে পারে পারফরম্যান্স
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, পুরোনো HDD-এর বদলে SSD ব্যবহার করলে ল্যাপটপের গতি কয়েক গুণ বেড়ে যেতে পারে। SSD থাকলে উইন্ডোজ দ্রুত চালু হয়, সফটওয়্যার দ্রুত ওপেন হয় এবং ফাইল ট্রান্সফারের গতিও বাড়ে। এমনকি কয়েক বছর পুরোনো ল্যাপটপেও SSD লাগানোর পর নতুন ডিভাইসের মতো অনুভূতি পাওয়া যায় বলে জানিয়েছেন অনেক ব্যবহারকারী।
RAM কম হলে ধীর হবেই
একসঙ্গে অনেক ট্যাব খোলা, ভিডিও এডিটিং, গেমিং বা ভারী সফটওয়্যার চালানোর সময় র্যামের ওপর চাপ পড়ে। কম র্যাম থাকলে ল্যাপটপ বারবার আটকে যেতে পারে। বর্তমানে স্বাভাবিক ব্যবহারের জন্য অন্তত ৮ জিবি র্যামকে আদর্শ ধরা হচ্ছে। তাই সুযোগ থাকলে র্যাম আপগ্রেড করাও কার্যকর সমাধান হতে পারে।
ভাইরাসও কমিয়ে দেয় গতি
অনেক সময় ভাইরাস বা ম্যালওয়্যারের কারণেও ল্যাপটপ ধীর হয়ে যায়। অজানা ওয়েবসাইট, সন্দেহজনক সফটওয়্যার কিংবা অনিরাপদ ফাইল থেকে এসব সমস্যা তৈরি হতে পারে। এজন্য নিয়মিত অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করা এবং নিরাপদ সফটওয়্যার ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
অতিরিক্ত গরম হওয়াও ঝুঁকি
ল্যাপটপ অতিরিক্ত গরম হলে প্রসেসরের কার্যক্ষমতা কমে যেতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় গেম খেলা বা ভারী কাজ করার সময় এ সমস্যা বেশি দেখা যায়। তাই কুলিং প্যাড ব্যবহার, ভেন্ট পরিষ্কার রাখা এবং বিছানা বা নরম স্থানে ল্যাপটপ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
যত্ন নিলেই বাড়বে গতি
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নিয়মিত যত্ন ও কিছু ছোট অভ্যাস বদলালেই ল্যাপটপ দীর্ঘদিন দ্রুত রাখা সম্ভব। অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করা, সিস্টেম আপডেট রাখা এবং প্রয়োজন অনুযায়ী হার্ডওয়্যার আপগ্রেড করলে অনেক পুরোনো ল্যাপটপও ভালো পারফরম্যান্স দিতে পারে।
ছোট ছোট কয়েকটি পদক্ষেপই আপনার ধীরগতির ল্যাপটপকে আবারও দ্রুত ও কার্যকর করে তুলতে পারে।
মুক্তিসরণি/এমএস