পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকি বাড়িয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে শ্বশুরের কোদালের আঘাতে জামাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম অভিনাশ চন্দ্র দাস (২৮)। তিনি সদর উপজেলার ঢেউখালি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে অভিনাশ তার শ্বশুরবাড়িতে কিছু নগদ অর্থ ও স্বর্ণালংকার জমা রাখেন। সোমবার বিকেল ৫টার দিকে স্ত্রী মনিকা দাসকে সঙ্গে নিয়ে তিনি শ্বশুরবাড়িতে গিয়ে সেই অর্থ ও গহনা ফেরত চান। এ নিয়ে শ্বশুর শান্তি দাস ও শ্যালক হৃদয় দাসের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে শ্বশুর শান্তি দাস পাশে থাকা কোদাল দিয়ে অভিনাশের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পরপরই শ্বশুর শান্তি দাস, শ্যালক হৃদয় দাস ও স্ত্রী মনিকা দাসসহ পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ মুক্তিসরণিকে বলেন, 'মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।'
ডিএম/এমএস
Unknown Author