দেশে বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেন, সাধারণ নাগরিক ও সাংবাদিকদের ওপরও পুলিশি হামলার ঘটনা ঘটছে এবং আন্দোলন না করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণাকে তিনি গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে আখ্যা দেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র অস্থায়ী কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ অভিযোগ করেন, দেশের ছয়টি সিটি করপোরেশনে দলীয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যা নতুন রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। স্থানীয় সরকার নির্বাচনের জন্য দ্রুত একটি স্পষ্ট রূপরেখা ঘোষণার আহ্বান জানান তিনি। প্রশাসক নিয়োগের সময়সীমা নির্ধারণ না করায় সিটি করপোরেশন নির্বাচন দলীয় প্রভাবের অধীনে হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেন, এক বছর পূর্তির আগেই জনগণের সমর্থনে এনসিপি দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে। জাতীয় নির্বাচনে প্রস্তুতির সীমাবদ্ধতা থাকলেও স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগেভাগেই কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রার্থী ঘোষণার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
জোট প্রসঙ্গে সারজিস আলম বলেন, আগের জাতীয় নির্বাচনে এগারো দলীয় জোট একসঙ্গে কাজ করলেও স্থানীয় নির্বাচনে আপাতত এককভাবেই কার্যক্রম শুরু করবে এনসিপি। তবে দেশের স্বার্থে প্রয়োজন হলে ভবিষ্যতে জোটগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই সঙ্গে অন্যান্য দলের ‘ত্যাগী কিন্তু অবমূল্যায়িত’ নেতাকর্মীদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনে এনসিপির প্রায় তিন শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে। এসব বিষয়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকে গুরুত্বসহকারে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান তিনি।
মুক্তিসরণি/এমএস
নিজস্ব প্রতিবেদক