ঢাকা | | বঙ্গাব্দ

বাহরাইনে মোবাইল কনস্যুলার ক্যাম্পে প্রবাসীদের ভিড়

বাহরাইনে মোবাইল কনস্যুলার ক্যাম্পে প্রবাসীদের ভিড়
ad728
বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন করেছে মানামাস্থ বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (১৪ নভেম্বর) নায়লা আল-নাশমি ইভেন্টস হলে অনুষ্ঠিত এ ক্যাম্পে বাহরাইনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কনস্যুলার ক্যাম্পের মাধ্যমে পাসপোর্ট সেবা, জন্ম নিবন্ধন, ওয়েজ আর্নার্স সদস্যপদ নিবন্ধন, আইনি সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা পরামর্শসহ সব ধরনের কনস্যুলার ও শ্রম কল্যাণ সেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রবাসীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাহরাইনের আইন-কানুন, ট্রাফিক বিধি, ভিসা সংশোধনের নিয়ম, শ্রমিক অধিকার এবং জরুরি স্বাস্থ্যবিধি সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।

ক্যাম্পে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার উপস্থিত থেকে প্রবাসীদের সমস্যা সরাসরি শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেন। তিনি বলেন, “প্রবাসীদের নিরাপত্তা, বৈধতা ও কল্যাণ নিশ্চিত করতে দূতাবাসের এই ধরনের সচেতনতামূলক ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বিদেশি অতিথি ও সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় বাহরাইনের ট্রাফিক ডিপার্টমেন্টের কর্মকর্তারাও প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য, এ ক্যাম্পের সুবিধাভোগী রিফা, আলীসহ আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দূতাবাসের সেবা সহজে গ্রহণ করতে সক্ষম হন। এতে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।

দূতাবাস জানিয়েছে, প্রবাসীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাহরাইনের বিভিন্ন বাংলাদেশি অধ্যুষিত এলাকায় আগামীতে পর্যায়ক্রমে আরও মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন করা হবে।

মুক্তিসরণি/এমএস