ঢাকা | | বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে বৃষ্টিপাতে ১৮৬ হেক্টর জমির ফসলের ক্ষতি

সরিষাবাড়ীতে বৃষ্টিপাতে ১৮৬ হেক্টর জমির ফসলের ক্ষতি পানিতে ভাসছে মাঠের ধানগাছ। (তারাকান্দি, সরিষাবাড়ী)
ad728

জামালপুরের সরিষাবাড়ীতে অসময়ের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে কৃষকরা। উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠে কাঁচা ও আধাপাকা ধান মাটিতে লুটিয়ে পড়েছে, কোথাও আবার জমে থাকা পানিতে ভাসছে সেই ধানগাছ। ধানের পাশাপাশি মরিচ, শাকসবজি এবং ভুট্টারও ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সরিষাবাড়ীতে এ মৌসুমে ১৭ হাজার ৯৪০ হেক্টর জমিতে রোপা-আমন চাষ হয়েছিল। এর মধ্যে সাম্প্রতিক বৃষ্টিতে ও ঝড়ে ৮ ইউনিয়ন ও পৌরসভার প্রায় ১৮৬ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ধান ১২০ হেক্টর, মরিচ ৪০ হেক্টর, শাকসবজি ২০ হেক্টর ও ভুট্টা ৬ হেক্টর জমি ক্ষতির মুখে পড়েছে।

চর পোগলদিঘা গ্রামের কৃষক হাসান মিয়া বলেন, "দেড় বিঘা জমিতে স্বর্ণ-৫ জাতের ধান লাগিয়েছি। ধান শীষ ধরার সময়েই বৃষ্টি ও বাতাসে গাছ পড়ে গেছে। এখন পানি জমে ধান কাটা সম্ভব না, গাছ পচে যাচ্ছে।”

গাছবয়ড়া গ্রামের কৃষক নাসির উদ্দিন নাজমুল বলেন, “বর্গা নিয়ে ৩ বিঘা জমিতে ধান করেছি। আধাপাকা ধান পড়ে গিয়ে নষ্ট হচ্ছে। বছরের সব পরিশ্রম এক নিমেষে শেষ হয়ে গেলো।”

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ মুক্তিসরণিকে বলেন, “অসময়ের বৃষ্টি ও ঝড়ে ধান, মরিচ, সবজি ও ভুট্টাসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনা ও সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

মুক্তিসরণি/এমএস