ঢাকা | | বঙ্গাব্দ

আমার শরীর, আমার সম্পদ : ঐশ্বরিয়া

আমার শরীর, আমার সম্পদ : ঐশ্বরিয়া
ad728
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন নারীর নিরাপত্তা ও মর্যাদা নিয়ে এবার সরব হয়েছেন। সাম্প্রতিক সময়ে জনপরিসরে নারীদের ওপর বাড়তে থাকা মন্তব্য ও হয়রানির ঘটনাকে একেবারেই অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তিনি। একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, নারীর পোশাক, সাজসজ্জা কিংবা আচরণ কোনোভাবেই হেনস্তার যৌক্তিকতা তৈরি করতে পারে না। বরং নারীদের উচিত আত্মবিশ্বাস নিয়ে মাথা উঁচু করে চলা এবং প্রয়োজনে নিজের অধিকার রক্ষায় লড়াইয়ে নামা।

অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ঐশ্বরিয়া বলেন, "হেনস্তাকারীর চোখের দিকে তাকাতে ভয় পাবেন কেন? পালিয়ে নয়, বরং সোজাসুজি মোকাবিলার সাহস তৈরি করতে হবে।" তিনি নারীদের উদ্দেশে "আমার শরীর, আমার সম্পদ"—এই ভাবনাকে নিজের শক্তি হিসেবে ধারণ করার আহ্বান জানান। তার মতে, নিজের প্রতি সম্মান ও আত্মমর্যাদা ধরে রাখা প্রতিটি নারীর মৌলিক অধিকার, আর এই জায়গায় কোনো আপস চলতে পারে না।

ঐশ্বরিয়ার এই শক্তিশালী বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। নারীর নিরাপত্তা, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বিষয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তার মন্তব্য।

মুক্তিসরণি/এমএস