সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার'-এ ভূষিত হয়েছেন বিশিষ্ট কবি ও সাংবাদিক হাসান হাফিজ। তিনি জনপ্রিয় লিটল ম্যাগাজিন 'মুক্তিসরণি'-র অন্যতম সম্মানিত উপদেষ্টা। কবি হাসান হাফিজ সহ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ পাচ্ছেন ৯ জন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন কবিতায় মোহন রায়হান; কথাসাহিত্যে নাসিমা আনিস; প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক; শিশুসাহিত্যে হাসান হাফিজ; অনুবাদে আলী আহমদ; গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান; বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী ও মুক্তিযুদ্ধ মঈদুল হাসান।
আগামী ২৬ ফেব্রুয়ারি একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেবেন।
দেশের সাহিত্যের শীর্ষস্থানীয় এই স্বীকৃতি পাওয়ায় কবি হাসান হাফিজকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে মুক্তিসরণি পরিবার।
কবি হাসান হাফিজ আশির দশকের অন্যতম প্রধান কবি। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি কবিতার নিভৃত চারণভূমিকে সমৃদ্ধ করেছেন তাঁর নিপুণ শব্দশৈলী ও সংবেদনশীল লেখনী দিয়ে। সাংবাদিকতায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং সাহিত্যের প্রতি তাঁর আজীবন অনুরাগ তাকে বাংলা সাহিত্যের এক অপরিহার্য ব্যক্তিত্বে পরিণত করেছে।
অন্যদিকে মুক্তিসরণি একটি মননশীল মাধ্যম হিসেবে শুরু থেকেই গুণীজনদের সাহচর্য পেয়ে এসেছে। কবি হাসান হাফিজ উপদেষ্টা হিসেবে যুক্ত থেকে মুক্তিসরণিকে দিয়ে যাচ্ছেন দিকনির্দেশনা ও বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব। তাঁর এই পুরস্কার প্রাপ্তি মুক্তিসরণির সৃজনশীল যাত্রাকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মুক্তিসরণি'র সম্পাদক মেহেদী সম্রাট এর পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, "আমাদের প্রিয় উপদেষ্টা কবি হাসান হাফিজের এই স্বীকৃতিতে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাঁর মতো একজন ঋদ্ধ মানুষের সান্নিধ্য মুক্তিসরণিকে সমৃদ্ধ করেছে। আমরা তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি।"
মুক্তিসরণি/এমএস
নিজস্ব প্রতিবেদক