যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কে ইতিহাস গড়লেন জোহরান মামদানি। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই মুসলিম রাজনীতিক শহরটির প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
৩৪ বছর বয়সী জোহরান মামদানি এর আগে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার মেয়র নির্বাচনে জয়ী হয়ে তিনি নিউইয়র্কের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম ব্যক্তি হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন।
নির্বাচনে তার বিজয়কে শহরের বহু জাতি ও ধর্মের মানুষের ঐক্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। সমর্থকদের মতে, তার সাফল্য ধর্ম বা জাতিগত পরিচয়ের নয়— বরং জীবনযাত্রার ব্যয় কমানোসহ সাধারণ মানুষের বাস্তব সমস্যার প্রতি মনোযোগী রাজনীতির জয়।
নিউইয়র্কের ভোটারদের অনেকে মনে করছেন, মামদানি নতুন প্রজন্মের প্রগতিশীল রাজনীতির প্রতিনিধিত্ব করছেন। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর বিপরীতে দাঁড়িয়ে তিনি ডেমোক্র্যাটিক পার্টির ভেতর এক নতুন ধারার নেতৃত্বের সূচনা করেছেন।
ব্রঙ্কসের সমাজকর্মী জোশুয়া উইলসন বলেন, “এটা শুধু এক রাজনীতিকের জয় নয়, বরং এক প্রজন্মের পরিবর্তনের বার্তা।”
বাংলাদেশি বংশোদ্ভূত ট্যাক্সিচালক ইফতেখার খান বলেন, “৯/১১–এর পর মুসলিমদের প্রতি বৈষম্যের যে ইতিহাস ছিল, মামদানির জয় তার উল্টো প্রতীক— এটা আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়।”
মুক্তিসরণি/এমএস
মুক্তিসরণি ডেস্ক