ঢাকা | | বঙ্গাব্দ

জকসু নির্বাচন পেছালে আন্দোলনের ঘোষণা

জকসু নির্বাচন পেছালে আন্দোলনের ঘোষণা
ad728
নির্বাচন তফসিল অনুযায়ী পূর্বঘোষিত তারিখ ২২ ডিসেম্বরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত না হলে শিক্ষার্থীদের নিয়ে প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার হুশিয়ারি দিয়েছে ছাত্রদল, ছাত্রঅধিকার ও সাধারণ শিক্ষার্থী সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের নেতারা এ সতর্কবার্তা দেন।

প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী একেএম রাকিব বলেন, “আমরা বলেছি আলো ছড়াও, ঘৃণা নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি সম্প্রীতির ক্যাম্পাস। এখানে অপরাজনীতির আঁচড় যারা ফেলতে চায়, তারা এই বিশ্ববিদ্যালয়ের চেতনাকে ধারণ করে না। আমরা এমন সহমর্মি পরিবেশ চাই, যেখানে সকল বর্ণ, ধর্ম ও গোত্রের মানুষ স্বাধীনভাবে মুক্তবুদ্ধির চর্চা করবে।”

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রপাগাণ্ডা যেন জকসু নির্বাচনের মূল উপাদান না হয়। প্রতিটি প্যানেল শিক্ষার্থীদের কাছে তাদের নিজস্ব শিক্ষার্থীবান্ধব ম্যান্ডেট তুলে ধরুক এবং শিক্ষার্থীরা পছন্দসই প্রার্থী বেছে নিক—এটাই হওয়া উচিত গণতান্ত্রিক চর্চা।

নির্বাচনের তারিখ নিয়ে রাকিব অভিযোগ করেন যে, ২২ ডিসেম্বর নির্বাচন ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যা অযৌক্তিক ও অগণতান্ত্রিক।

হুশিয়ারি দিয়ে তিনি বলেন, “প্রথমবারের মতো জকসু নির্বাচন হতে যাচ্ছে। আমরা চাই সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা হোক। পূর্বঘোষিত তারিখ অনুযায়ী ২২ ডিসেম্বরেই নির্বাচন আয়োজন করতে হবে। তা না হলে শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবো।”

মুক্তিসরণি/এমএস