আমাদের দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়া এখন অপরিহার্য এক প্ল্যাটফর্ম। খবর, যোগাযোগ, কেনাকাটা—সবকিছুর কেন্দ্রেই রয়েছে ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম কিংবা এক্স (টুইটার)। তবে এই বিশাল ডিজিটাল জগতে দায়িত্বশীল থাকা আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন।
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া শুধু যোগাযোগের মাধ্যম নয়—এটি খবরের উৎস, মার্কেটপ্লেস, বিনোদনের বৃহৎ ক্ষেত্র এবং নিজস্ব ‘ডিজিটাল দুনিয়া’ তৈরি করার স্থান। প্রযুক্তি কোম্পানিগুলো ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করে এমন কনটেন্ট দেখায় যা তাকে দীর্ঘ সময় আটকে রাখবে। ফলে তৈরি হয় এক ধরনের তথ্য–বাবল, যেখানে আমরা অজান্তেই বাস্তবতা থেকে দূরে সরে যাই। ঘুম থেকে উঠেই ফোন দেখা, যাতায়াতের সময় স্ক্রল করা—এগুলো এখন নিত্তনৈমিত্তিক আচরণে পরিণত হয়েছে।
গবেষণায় দেখা যায়, বিশ্বজুড়ে প্রতিদিন প্রায় ৯০% ব্যবহারকারী দুই ঘণ্টারও বেশি সময় সোশ্যাল মিডিয়ায় ব্যয় করেন। এই অতিরিক্ত তথ্য প্রবাহ আমাদের চিন্তা, আচরণ ও মানসিক অবস্থায় সরাসরি প্রভাব ফেলে। তাই প্রয়োজন দায়িত্বশীল ব্যবহার—যেখান থেকে শুরু হতে পারে স্বাস্থ্যকর ও ইসলামসম্মত ডিজিটাল অভ্যাস।
তথ্য গ্রহণে সতর্কতা জরুরি
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট, ছবি বা স্ক্রিনশট দেখে অনেকে তা সত্য ধরে নেন। ভুল তথ্য শেয়ার করা, প্রতারণার শিকার হওয়া কিংবা কারও প্রতি অপবাদ ছড়ানো—এসবই বড় ক্ষতির কারণ হতে পারে। ইসলামও অজ্ঞতার অনুসরণ করতে নিষেধ করেছে। কোরআনে বলা হয়েছে, “যা তোমার জানা নেই, তার অনুসরণ করো না; নিশ্চয় কান, চোখ ও অন্তঃকরণ—সবকিছু নিয়েই জিজ্ঞাসা করা হবে।” (সুরা আল–ইসরা, আয়াত : ৩৬)
উদ্দেশ্য ঠিক রেখে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন
ফিড স্ক্রল করতে করতেই অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা নষ্ট হয়ে যায়। তাই সোশ্যাল মিডিয়া ব্যবহারের আগে উদ্দেশ্য ঠিক করা জরুরি—যেমন তথ্য জানা, কাজের প্রয়োজনে যুক্ত হওয়া বা নির্দিষ্ট কনটেন্ট খোঁজা। উদ্দেশ্যহীন স্ক্রল আমাদের মনোযোগ নষ্ট করে এবং উৎপাদনশীলতা কমিয়ে দেয়।
মানসিক সুস্থতার জন্য সতর্ক থাকুন
অন্যের সাফল্য, জীবনযাপন বা সাজানো বাস্তবতা অনেক সময় আমাদের মনে ঈর্ষা, হতাশা বা বিরক্তি তৈরি করতে পারে। তাই মানসিক ভারসাম্য রক্ষায় সচেতন থাকা জরুরি। এ জন্য একটি দোয়া পড়া যেতে পারে— “হে আল্লাহ! আমি তোমার কাছে আমার কান, চোখ, জিহ্বা, অন্তর ও বীর্জের অপকারিতা থেকে আশ্রয় চাই।” (আবু দাউদ)
ইতিবাচক ও উপকারী কনটেন্ট শেয়ার করুন
আমাদের প্রতিটি পোস্ট অন্যদের ওপর প্রভাব ফেলতে পারে। তাই ব্যক্তিগত ক্ষোভ, গুজব বা বিভ্রান্তিকর তথ্য শেয়ার না করে উপকারী, গঠনমূলক এবং ইতিবাচক কনটেন্ট প্রচার করা উচিত। পোস্ট করার আগে আরেকটি দোয়া পাঠ করা উত্তম— “আমি তোমাদেরকে আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের অসীলায় প্রত্যেক শয়তান, কষ্টদায়ক জন্তু এবং ক্ষতিকর নজর থেকে আল্লাহর পানাহ দিচ্ছি।” (বুখারি)
বাস্তব জীবনের সঙ্গে সংযোগ বজায় রাখুন
সোশ্যাল মিডিয়া কখনোই বাস্তব জীবনের বিকল্প নয়। কিন্তু অতিরিক্ত অনলাইন নির্ভরতা মানুষকে পরিবার, বন্ধু ও সামাজিক সম্পর্ক থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তাই নিয়মিত ডিজিটাল বিরতি নিন, ফোন সরিয়ে রাখুন এবং বাস্তব জীবনের সম্পর্ক, মুহূর্ত ও পরিবেশ উপভোগ করুন—এটাই প্রকৃত জীবন।
শেষ কথা
সোশ্যাল মিডিয়া আমাদের জীবন সহজ করেছে, কিন্তু নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকা উচিত। আমরা কেন এবং কী উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি—এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া জরুরি। ইসলামও দায়িত্বশীল আচরণ, সতর্কতা ও সত্যনিষ্ঠতার ওপর জোর দেয়। তাই ডিজিটাল দুনিয়ায় বিচক্ষণতা ও সংযম বজায় রাখাই একজন সচেতন মুসলিমের করণীয়।
মুক্তিসরণি/এমএস
মুক্তিসরণি ডেস্ক