বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে তাকে লন্ডনে উন্নত চিকিৎসা দেওয়ার পরিকল্পনা করছে জিয়া পরিবার।
শনিবার (২৯ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমীন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা চলছে। লন্ডন থেকে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
মাহদী আমীন আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে ডা. জুবাইদা রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নেত্রীর শারীরিক অবস্থার খবর নিতে হাসপাতালে বিপুল সংখ্যক নেতাকর্মী ভিড় করেন, তবে ইনফেকশনের ঝুঁকি থাকায় সিসিইউতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।
তিনি জানান, কিছুটা শারীরিক উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে লন্ডনের সেই হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যারা চলতি বছরের শুরুতে চার মাস চিকিৎসার মাধ্যমে নেত্রীর উল্লেখযোগ্য উন্নতি নিশ্চিত করেছিলেন। এছাড়া, সর্বাধুনিক প্রযুক্তিসজ্জিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থার উদ্যোগও নেওয়া হয়েছে।
মাহদী আমীন আশা প্রকাশ করেন, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হবে এবং তিনি আবারও দেশের মানুষকে অনুপ্রাণিত করবেন ও নেতৃত্ব দেবেন।
মুক্তিসরণি/এমএস
নিজস্ব প্রতিবেদক