ঢাকা | | বঙ্গাব্দ

লিবিয়া থেকে ফেরত আসছেন আরও ১৭৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফেরত আসছেন আরও ১৭৫ বাংলাদেশি
ad728
লিবিয়া থেকে দেশে ফেরত আনা হচ্ছে আরও ১৭৫ বাংলাদেশিকে। তারা আগামী সোমবার (১ ডিসেম্বর) দেশে পৌঁছবেন। ফেরত আনা প্রক্রিয়ায় লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এবং আইওএম যৌথভাবে কাজ করছে।

লিবিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে গত ২৬ নভেম্বর ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টার পরিদর্শন করা হয়। এ সময় দূতাবাসের প্রথম সচিব (শ্রম) উপস্থিত ছিলেন। পরিদর্শনে রাষ্ট্রদূত আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সার্বিক অবস্থা খতিয়ে দেখেন।

রাষ্ট্রদূত বলেন, “অনেক অভিবাসী অবৈধ পথে বিদেশে পাড়ি দিতে গিয়ে চরম ঝুঁকির মুখে পড়েন এবং মানবপাচারকারীদের কারণে দুঃসহ অভিজ্ঞতার শিকার হন। আপনারা ভাগ্যবান যে আল্লাহর রহমতে সাগর থেকে জীবিত উদ্ধার হয়েছেন।”

তিনি আরও জানান, সবার প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হয়েছে এবং প্রক্রিয়া সম্পন্ন হলে ১৭৫ জনকে দেশে ফেরত পাঠানোর কাজ শুরু হবে। পাশাপাশি তিনি দেশে ফিরে তাদের অভিজ্ঞতা শেয়ার করে অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত ডিটেনশন সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সাগর থেকে উদ্ধার ও মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময় দূতাবাসের পক্ষ থেকে উপস্থিতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

মুক্তিসরণি/এমএস