ঢাকা | | বঙ্গাব্দ

অবৈধ হ্যান্ডসেট শনাক্তে শুরু হচ্ছে ডিজিটাল নজরদারি

অবৈধ হ্যান্ডসেট শনাক্তে শুরু হচ্ছে ডিজিটাল নজরদারি
ad728
অবৈধ ও ক্লোন মোবাইল হ্যান্ডসেট বন্ধে আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) ব্যবস্থা। এই উদ্যোগের মাধ্যমে শুধুমাত্র অনুমোদিত, মানসম্মত ও বৈধভাবে আমদানিকৃত মোবাইল ফোনই নেটওয়ার্কে ব্যবহারের সুযোগ পাবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফলে গ্রাহকরা নিরাপদ ও মানসম্মত সেবা উপভোগ করতে পারবেন, আর অবৈধ বা ক্লোন আইএমইআই সম্বলিত হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হতে পারবে না।

রোববার (১৬ নভেম্বর) পাঠানো বার্তায় বিটিআরসি জানায়, ১৬ ডিসেম্বরের আগে নেটওয়ার্কে ব্যবহৃত সকল হ্যান্ডসেট—বৈধ, অবৈধ বা ডেটাবেইজে না থাকা—স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে সচল থাকবে। অর্থাৎ পুরনো ব্যবহারকারীরা কোনো ঝুঁকিতে পড়বেন না।

মোবাইল ফোন কেনার ক্ষেত্রে হ্যান্ডসেটের বৈধতা নিশ্চিত করতে গ্রাহকদের ফোনে *#06# ডায়াল করে ১৫ সংখ্যার আইএমইআই নম্বর সংগ্রহ করে ‘KYD <স্পেস> আইএমইআই নম্বর’ লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় হ্যান্ডসেটটির বৈধতা সম্পর্কে তথ্য জানিয়ে দেওয়া হবে।

বিদেশ থেকে আনা মোবাইল নিবন্ধন, এনইআইআর সম্পর্কিত সহায়তা বা যে কোনো প্রশ্নের জন্য গ্রাহকরা হেল্পডেস্ক নম্বর ১০০–তে ফোন করতে পারবেন। এছাড়া *১৬ ডিসেম্বর থেকে 16161# ডায়াল করেও তথ্য জানা যাবে। পাশাপাশি অপারেটরের কাস্টমার কেয়ারে (১২১) কল করে বা সরাসরি কাস্টমার কেয়ার সেন্টারে গেলেও সহায়তা পাওয়া সম্ভব।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে ব্যবহৃত অনেক মোবাইল ফোন হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে—যা নিয়ে সাধারণ ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে অবৈধভাবে আনা বা কর (ট্যাক্স) ছাড়া আমদানিকৃত হ্যান্ডসেট নিয়ে আশঙ্কা বাড়ে। এতে অনেক আনঅফিশিয়াল সেট বিক্রেতারা ব্যবসায়িকভাবে সংকটে পড়েছেন। অনেক দোকানে ক্রেতাশূন্য সময় কাটছে বলেও জানা গেছে।

এনইআইআর ব্যবস্থায় প্রতিটি বৈধ মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও সিমকার্ডের সঙ্গে যুক্ত হবে। ফলে সহজেই বৈধ ও অবৈধ হ্যান্ডসেট শনাক্ত করে নিয়ন্ত্রণে আনা যাবে বলে আশা করছে বিটিআরসি।

মুক্তিসরণি/এমএস