ঢাকা | | বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে মসজিদ নিয়ে অপপ্রচার, কড়া প্রতিবাদ শহীদুল ইসলামের

সিদ্ধিরগঞ্জে মসজিদ নিয়ে অপপ্রচার, কড়া প্রতিবাদ শহীদুল ইসলামের
ad728
নারায়াণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়াকফকৃত জমির ওপর নির্মিত একটি মসজিদ ভেঙে বাণিজ্যিক ভবন নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন অভিযোগে গত ২৪ নভেম্বর বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ করেছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক, ব্যবসায়ী ও সমাজসেবক শহীদুল ইসলাম।

এক লিখিত বিবৃতিতে তিনি জানান, তার বিরুদ্ধে প্রকাশিত তথ্য “সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।” তিনি বলেন, মিজমিজি সালুহাজী রোড এলাকার বায়তুস সালাম জামে মসজিদটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই মসজিদের ভেতরে পানি ঢুকে পড়ে, ভবনটি রাস্তার তুলনায় নিচু হওয়ায় মুসল্লিদের নুইয়ে প্রবেশ করতে হয়। ওজুখানাসহ অভ্যন্তরীণ বিভিন্ন স্থাপনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় স্থানীয়দের সহযোগিতায় মসজিদটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

শহীদুল ইসলাম অভিযোগ করেন, “একটি অসাধু মহল মসজিদটিকে কেন্দ্র করে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এটি অত্যন্ত দুঃখজনক।” তিনি বলেন, মসজিদের জমির মালিকানা ও প্রয়োজনীয় কাগজপত্র তাদের পরিবারভুক্তদেরই দখলে রয়েছে এবং সালাহউদ্দিন হাজীর ওয়ারিশদের পক্ষ থেকে মসজিদ পরিচালনার দায়িত্বও তাদের ওপর অর্পণ করা হয়েছে। জমি সংক্রান্ত পূর্বের ভুল–বোঝাবুঝি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নিজেকে অতীতে এলাকার বিভিন্ন মসজিদ–মাদ্রাসা ও অসহায় মানুষের পাশে থাকার উদাহরণ তুলে ধরে শহীদুল ইসলাম বলেন, “একটি স্বার্থান্বেষী গোষ্ঠী আমার সামাজিক, ব্যবসায়িক ও রাজনৈতিক সুনাম নষ্ট করতে মিথ্যা তথ্য দিয়ে এই সংবাদ প্রচার করিয়েছে।”

তিনি আরো বলেন, “মসজিদ আল্লাহর ঘর। এটিকে কেন্দ্র করে বিভাজন সৃষ্টির চেয়ে উন্নয়নে সবাইকে এগিয়ে আসা উচিত।” পাশাপাশি তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মুক্তিসরণি/এমএস