ঢাকা | | বঙ্গাব্দ

টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে রেড নোটিশ জারির আদেশ

টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে রেড নোটিশ জারির আদেশ
ad728
ক্ষমতার অপব্যবহার করে গুলশান-২ ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এই আদেশ দেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর পলাতক এই আসামির গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

দুদকের আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে কোন টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রি দলিল মূলে ফ্ল্যাটের এর দখল বুঝে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

তদন্তে আরও বলা হয়, আসামি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ইস্টার্ন হাউজিং লিমিটেডের অনুকূলে গুরুতর অনিয়মের কারণে হস্তান্তরযোগ্য ছিলো না তা জানা সত্ত্বেও টিউলিপ রিজওয়ানা সিদ্দিক তার আপন খালা শেখ হাসিনা, প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকার সুবাদে এবং প্রধানমন্ত্রীর আপন ভাগ্নি হওয়ায় তাদের দলীয় প্রভাবিত রাজউকের আইন উপদেষ্টা হওয়ার সুবাদে রাজউকের আইন কর্মকর্তাকে অবৈধভাবে প্রভাবিত করে ইস্টার্ন হাউজিং লিমিটেডকে আমমোক্তার অনুমোদনপূর্বক ও ফ্ল্যাট বিক্রয়ের অনুমোদন করিয়ে অবৈধ সুবিধা দেয়া ও নেয়ার মাধ্যমে অপরাধজনক যড়যন্ত্রের অংশ হিসেবে ফ্ল্যাট নং-বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে- ১১এ, ১১বি (নতুন), রোড নং ৭১, গুলশান বিনা মূল্যে গ্রহণ করেন বিধায় তার বিরুদ্ধে মামলাটি রুজু করা হয়। কিন্তু মামলা দায়েরের পূর্বেই আসামি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দেশত্যাগ করেছেন এবং মামলা প্রমাণে সহায়ক প্রমাণাদি ও আলামত বিনষ্ট করার চেষ্টা করছে বিধায় তাকে গ্রেপ্তার করা প্রয়োজন। তবে, আসামি ইতোমধ্যে দেশত্যাগ করায় তাকে গ্রেপ্তার করার জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা একান্ত প্রয়োজন।

মুক্তিসরণি/এমএস