ঢাকা | | বঙ্গাব্দ

বাকৃবি সাংবাদিক সমিতির সাথে ছাত্রদলের সৌজন্য সাক্ষাত

বাকৃবি সাংবাদিক সমিতির সাথে ছাত্রদলের সৌজন্য সাক্ষাত
ad728
সম্প্রতি ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বাকৃবি শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বাকৃবিসাস-এর কার্যালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়েব সহ সংগঠনের শতাধিক নেতা-কর্মী। সাংবাদিক সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি হাবিবুর রহমান রনি, সাধারণ সম্পাদক মো. আমানুল্লাহ এবং অন্যান্য সদস্যবৃন্দ।

সাক্ষাতকালে বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক পরিস্থিতি, শিক্ষার্থীবান্ধব কর্মসূচি গ্রহণ, বাকৃবি কেন্দ্রীয় ছাত্রসংসদ (বাকসু) নির্বাচনের প্রস্তুতি, ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ন্ত্রণ, ডাইনিং সেবার মানোন্নয়ন, আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং হলের সিট সংকট নিরসনের উপায়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা হয়।

শাখা ছাত্রদলের পক্ষ থেকে সাংবাদিক সমিতিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, "আমরা কমিটিকে সকলের জন্য উন্মুক্ত রাখার চেষ্টা করছি, বিশেষত মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের জন্য। যারা এসেছে তারা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে অংশগ্রহণ করছে—এটাই আমাদের প্রধান শক্তি।"

নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও আবাসন নিয়ে তিনি বলেন, "নারী শিক্ষার্থীদের জন্য শতভাগ নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। নিরাপদ যাতায়াত, আবাসন ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।"

বহিরাগতদের অবাধ বিচরণের নিয়ন্ত্রণ বিষয়ে তিনি উল্লেখ করেন, "আমাদের লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়কে শান্ত ও শিক্ষার্থী-বান্ধব রাখা। অন্য সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে আমরা বহিরাগত অনুপ্রবেশ ও অনাকাঙ্ক্ষিত মিছিল-মিটিং বন্ধ করতে চাই।"

সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, "ছাত্রদলের রাজনীতি সবসময় শিক্ষার্থী-বান্ধব। অতীতে যারা অন্যায়ের শিকার হয়েছেন, তাদের অধিকার ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় আমরা আন্তরিক। বাকৃবি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের চিত্র স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।"

সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়েব বলেন, "আমরা চাই বিশ্ববিদ্যালয়ে তরুণ ও যোগ্য নেতৃত্ব বিকশিত হোক। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য।"

শাখা ছাত্রদল শিক্ষার্থীদের আধুনিক হেলথকেয়ারের সুযোগ ও স্টাইপেন্ড বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করেছেন।

সর্বশেষ আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, "স্বচ্ছ, নিরাপদ, অংশগ্রহণমূলক এবং শিক্ষার্থী-কেন্দ্রিক পরিবেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বাকৃবি আরও সমৃদ্ধ, আধুনিক ও শিক্ষার্থী-বান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে।"

মুক্তিসরণি/এমএস